ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে কোনো বাধাই তা থামিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শতভাগ নির্মূল সম্ভব না হলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে।
তারেক রহমান বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রমে সময় দিলে পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ পরিবর্তন সম্ভব—এটি প্রমাণ করেছে। এখন রাষ্ট্রের কাঠামোতেও পরিবর্তন আনার সময় এসেছে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী চলবে।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.