যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতার বিকাশে প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমার নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
নোটিশে বলা হয়, দেশের বর্তমান নাটক ও চলচ্চিত্রে প্রেম ও রোমান্টিক বিষয়বস্তুর আধিক্য তৈরি হয়েছে। এর ফলে তরুণদের পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হওয়ার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করা হয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়, কিছু নাটক ও চলচ্চিত্রে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে ইতিবাচক বা স্বাভাবিকভাবে উপস্থাপন করা হচ্ছে। নোটিশদাতার দাবি, এ ধরনের কনটেন্ট সমাজের প্রচলিত মূল্যবোধকে দুর্বল করছে এবং বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
আইনি নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করে সামাজিক শৃঙ্খলা, জাতীয় সংস্কৃতি সংরক্ষণ এবং বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার সঙ্গে শালীনতা ও নৈতিকতার ভারসাম্য বজায় রাখার বিষয়টি তুলে ধরা হয়।
একই সঙ্গে শুধু প্রেমকেন্দ্রিক বিনোদনের পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাসহ দেশ ও সমাজের জন্য ইতিবাচক বিষয় নিয়ে নাটক ও চলচ্চিত্র নির্মাণে গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.