চিত্রনায়ক আরিফিন শুভ এখন নিজের মতো করেই সময় কাটাচ্ছেন। আপাতত ‘হ্যাপিলি সিঙ্গেল’ জীবন পার করা এই অভিনেতার পেশাগত ব্যস্ততাও কম নয়। কাজের প্রয়োজনে বছরের বড় একটি সময়ই তাকে দেশ-বিদেশে থাকতে হয়।
সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। এর আগে সনি লিভ অরিজিনালের আলোচিত সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজেও দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন তিনি।
২০২৪ সালের জানুয়ারিতে মাকে হারানোর পর ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল শুভকে। সে সময় অনেকটা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সেই পরিস্থিতি কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেতা।
সম্প্রতি ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শুভ বলেন, মানুষ আসলে একা থাকার জন্য তৈরি নয়। তবে ভবিষ্যতে তার জীবনে নতুন সম্পর্ক কিংবা বিয়ে আসবে কি না, সেটি সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। তার ভাষায়, জন্ম, মৃত্যু ও বিয়ে—সবই ওপরওয়ালার হাতে।
এদিকে সম্প্রতি শুভর ফেসবুক পেজে ‘হ্যাপিলি ম্যারিড’ লেখা একটি পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা জল্পনা। পরে জানা যায়, সেটি ছিল চরকি অরিজিনাল ফিল্মের প্রচারণার অংশ।
তবে বাস্তবে কবে আবার বিয়ের পিঁড়িতে বসবেন—এ বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলতে নারাজ শুভ। রহস্য রেখেই অভিনেতার মন্তব্য, “আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন।”
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.