পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ঘিরে কারাগারে মৃত্যুর গুঞ্জনে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, ইমরান খানের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জীবিত এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
যেভাবে ছড়ায় মৃত্যুর গুঞ্জন
মার্কিনপ্রবাসী পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ইমরান খানকে নিয়ে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর থেকেই মূলত এ গুঞ্জনের সূত্রপাত। প্রতিবেদনে তিনি পাকিস্তানের সেনা সদর দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলার দাবি করেন।
ওই সূত্রগুলোর বরাতে ইমরানের অবস্থান ও নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে উদ্বেগ থাকার কথা জানানো হয়। এরপর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমরান খানের সমর্থকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়।
তবে পরে ওই সাংবাদিক নিজেই জানান, ইমরান খানের মৃত্যুর বিষয়ে তার কাছে কোনো নিশ্চিত বা নথিভুক্ত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের অবস্থান নিয়ে তথ্যের চরম গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।
সেনাবাহিনীর বক্তব্য
গুঞ্জন ছড়িয়ে পড়ার পর আইএসপিআর বিষয়টি পরিষ্কার করে ইমরানের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে। সেনাবাহিনীর দাবি, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই রয়েছেন।
ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তাকে জীবিত থাকার দাবি করা হয়েছে। বুশরা বিবির পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কারাগারে সাক্ষাতের সময় তাদের সিসিটিভি মনিটরে ইমরান খানকে হাঁটাচলা করতে দেখা গেছে।
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
মৃত্যুর গুঞ্জন অস্বীকার করা হলেও ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে তার দল পিটিআই। দলটির নেতারা ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের তার সঙ্গে অবাধে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
পিটিআইয়ের অভিযোগ, ইমরানের স্বাস্থ্য ও কারাগারে তার অবস্থান নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। দলটির নেতারা সতর্ক করেছেন, বিষয়টি পরিষ্কার না হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে।
এরই মধ্যে ইমরানের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসা ও কারাগারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা আবেদন দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।
ফলে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন আপাতত সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যে নাকচ হলেও, তার স্বাস্থ্য ও কারাবন্দি অবস্থাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.