দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় এলএনজিবাহী একটি জাহাজ মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে ভিড়তে না পেরে ফিরে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ে সামিটের টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও বর্তমানে তা কমে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে।
অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে বর্তমানে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। এতে চাহিদার তুলনায় বড় ঘাটতি তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়ছে বিভিন্ন এলাকার গ্রাহক পর্যায়ে।
পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত পরিস্থিতির বড় পরিবর্তনের সুযোগ কম। এদিকে প্রকৌশলীরা দ্রুত এফএসআরইউ মেরামত করে চালু করার চেষ্টা করছেন।
পেট্রোবাংলার ধারণা, চলমান পরিস্থিতিতে আগামী ১৫ আগস্টের আগে দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.