প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে তানভীরকে বগুড়ায় নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগের প্রেক্ষাপটে তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে।
সমালোচনার মুখে পড়ে পরে তিনি পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন। তবে তার আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় গত ৩ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলায় উল্লেখ করা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, ঘটনার পরপরই গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.