সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন (দুদক) এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তার নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা দাখিল করেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৪ আগস্ট উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলাটিতে ২০২৫ সালের ৬ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচারকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত ১৫ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয় এবং রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করা হয়।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.