ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশনা চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকায় সেই বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রুলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান বলেন, ইউপি চেয়ারম্যানরা গ্রাম আদালত পরিচালনাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং নির্দিষ্ট সীমার মধ্যে বিচারিক ক্ষমতাও প্রয়োগ করেন। অথচ এ ধরনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে অন্য পদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকলেও চেয়ারম্যান পদে তা নেই।
জনস্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে বলেও জানান তারা।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.