দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পেরিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা–এর নাবিকরা। বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের সময় বিএসসির কর্মকর্তারা ফুল দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম দেশে ফিরে আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন,
“আলহামদুলিল্লাহ, আমরা যেন নতুন জীবন ফিরে পেলাম। দেশের মানুষের দোয়া, ভালোবাসা আর সার্বক্ষণিক খোঁজখবর আমাদের শক্তি জুগিয়েছে—সবার প্রতি আমরা কৃতজ্ঞ।”
তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যে বারবার জাহাজ ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা রাষ্ট্রের সম্পদ রক্ষায় জাহাজেই অবস্থান করেন। এমনকি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার মধ্যেও দায়িত্ব থেকে সরে আসেননি কেউ।
জেবেল আলী বন্দরে অবস্থানকালের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এক রাতে তাদের পাশের একটি তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ছয়টি টাগবোট দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। ওই ট্যাংকারের যেকোনো একটি ট্যাংক বিস্ফোরিত হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। পরদিনই ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে জাহাজটি পারস্য উপসাগরেই আটকা পড়ে। অবশেষে ১১৫ দিন পর ইরানি কর্তৃপক্ষের অনুমতি পেয়ে হরমুজ প্রণালি পেরিয়ে নিরাপদে ফিরতে সক্ষম হন নাবিকরা।
প্রধান সম্পাদক: মোঃ সাব্বির (নিথিম)
সম্পাদক ও প্রকাশক: মোঃ তানজিলুল ইসলাম তামিম
Copyright © 2026 Desh Scope 24. All rights reserved.